সাংসদ লিটন হত্যাকাণ্ড: অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আবদুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ২৮ ও ৩১ আগস্ট। তবে আবদুল কাদের খান আদালতে হাজির ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার মোবাইলে প্রথম আলোকে বলেন, গাইবান্ধার বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১-এ বৃহস্পতিবার দুজন গ্রাম পুলিশ ও স্থানীয় দুজনের সাক্ষী হওয়ার কথা ছিল। এর আগে গত ১৮ জুলাই একই আদালতে অস্ত্র আইন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।

এদিকে অস্ত্র আইনে কাদের খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী শফিকুল ইসলাম বলেন, এ মামলায় মোট সাক্ষী ১৫ জন। মামলার পরবর্তী তারিখ ২৮ ও ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় মনজুরুল ইসলামের বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে চলতি বছরের ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে কাদের খানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।