সাংসদ লুৎফুল হাইয়ের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের গেরিলা উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাইয়ের মরদেহ গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।তথ্য বিবরণীর খবরে বলা হয়েছে, লুৎফুল হাইয়ের জানাজা গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, মন্ত্রিপরিষদের সদস্য, হুইপ, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জাতীয় সংসদের কর্মকর্তা ও কর্মচারীরা এবং লুৎফুল হাইয়ের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা জানাজায় শরিক হন।ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বেলা একটায় লুৎফুল হাইয়ের মরদেহ হেলিকপ্টারযোগে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে পৌঁছায়। পরে একটি ট্রাকে করে মরদেহ শহরের মৌলভীপাড়ায় তাঁর পৈতৃক বাড়িতে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে মাগরিবের নামাজের পর শেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে লুৎফুল হাইকে দাফন করা হয়।