সাংসদ শওকত চৌধুরীর জামিন কেন বাতিল নয়

ঋণ জালিয়াতির অভিযোগে করা দুই মামলায় নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ শওকত চৌধুরীকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
ওই মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ও বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক হাবিবুল গণির জামিন প্রশ্নে রুল শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুল দেন। ১০ দিনের মধ্যে ওই সাংসদকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।
আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করেন এম সারোয়ার হোসেন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও জিয়াউর রহমান।
নথিপত্র থেকে জানা যায়, ২৯টি এলসির মাধ্যমে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা এবং দুটি এলসির মাধ্যমে ৮২ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নয়জনের বিরুদ্ধে চলতি বছরের ৮ মে ও ১০ মে বংশাল থানায় পৃথক দুটি মামলা করে দুদক। আসামি তালিকায় এক নম্বরে আছেন সাংসদ। ওই দুই মামলায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর নিম্ন আদালত থেকে জামিন পান শওকত চৌধুরী।
এম সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আবেদনকারীর আইনজীবীরা আজ শুনানিকালে যুক্তি দিয়েছেন, মামলার মূল আসামি জামিনে রয়েছেন। এরপর বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন।