ঋণ জালিয়াতির অভিযোগে করা দুই মামলায় নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ শওকত চৌধুরীকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে ওই সাংসদকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।
ওই দুই মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ও বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক হাবিবুল গণির জামিন প্রশ্নে রুল শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও জিয়াউর রহমান খান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। কমার্স ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান।
আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই দুজনের জামিন প্রশ্নে রুল শুনানিকালে আদালতের নজরে আসে মূল আসামি জামিনে আছেন। তখন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। এই রুল শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।