সাংসদ শওকতের বিরুদ্ধে আরেক মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ১২০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ শওকত চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ওই ব্যাংকের আট কর্মকর্তাকেও মামলায় আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
এর আগে রোববার শওকত চৌধুরী এবং ওই আট ব্যাংকারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেছিল দুদক।
মামলায় শওকত চৌধুরী ছাড়া আরও যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে ছিলেন) মুহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন, বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, বৈদেশিক বাণিজ্য শাখার কর্মকর্তা শিরিন নিজামী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ কুমার ও এক্সিকিউটিভ অফিসার আসজাদুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, যমুনা অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি ও যমুনা অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ নেওয়ার মাধ্যমে ব্যাংকটির বংশাল শাখা থেকে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২৩১ টাকা আত্মসাৎ করে। পরে সুদে-আসলে সেটা দাঁড়ায় ১২০ কোটি ৯ লাখ ৮০ হাজার ৯৯০ টাকা। প্রতিষ্ঠান দুটির মালিক শওকত চৌধুরী।
এজাহারে বলা হয়েছে, ভুয়া মেয়াদি আমানত দেখিয়ে তার বিপরীতে ঋণ নেওয়া, জাল কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে অর্থ উত্তোলনসহ নানা প্রক্রিয়ায় ওই অর্থ আত্মসাৎ করা হয়।
এর আগে রোববার বিকেলে দুদকের করা মামলায় ওই দিন রাতেই কমার্স ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।
মামলার বিষয়ে জানতে চাইলে শওকত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি নিয়ম মেনেই ঋণ নিয়েছি, পরিশোধ করছি।’