সাংসদ শওকতের বিরুদ্ধে মানহানির মামলা, পরে খারিজ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করায় সাংসদ শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে মানহানির মামলা করা হয়। পরে বিকেলে তা খারিজ করে দেন ঢাকা মহানগর হাকিমের আদালত।মামলায় অভিযোগ করা হয়, কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত ১৬ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরের নলুয়া এয়ারফোর্স বাজারে এক জনসভায় কাদের সিদ্দিকীকে ‘যুদ্ধাপরাধী’ বলেন এবং তিনি ‘যুদ্ধাপরাধ’ করেছেন দাবি করে তাঁর বিচার চান। এই খবর গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে প্রকাশিত হয়। এতে কাদের সিদ্দিকীর মানহানি হয়েছে উল্লেখ করে গতকাল কৃষক শ্রমিক জনতা লীগের ঢাকা মহানগর আইনবিষয়ক সম্পাদক মাহবুব হাসান মামলা করেন। ঢাকা মহানগর হাকিম এম এ সালাম সকালে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। বিকেলে আদালত মানহানির উপাদান না থাকায় তা খারিজ করে দেন।আদালত সূত্র জানায়, আইনানুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি মামলা না করায় আদালত নালিশি আবেদন খারিজ করে দিয়েছেন।