সাংসদ সাইমুম ও তাঁর স্ত্রীকে দুদকের দায়মুক্তি
কক্সবাজার-৪ (সদর ও রামু) আসনের সরকারদলীয় সাংসদ সাইমুম সারোয়ার ও তাঁর স্ত্রী সৈয়দা সেলিনা আক্তারকে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের দায় থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অব্যাহতির বিষয়টি চিঠি দিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন দুদকের সচিব মো. মাকসুদুল হাসান খান। ১৫ জানুয়ারি এ চিঠি পাঠানো হয়।
দুদক সূত্র জানায়, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের সে সময়ের পরিচালনা পর্ষদের যে ১১ সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে সাইমুম সারোয়ার তাঁদের একজন। দুদকের সে সময়ের চেয়ারম্যান গোলাম রহমান সংশ্লিষ্টদের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় সাইমুম ও তাঁর স্ত্রীর সম্পদ অনুসন্ধান শুরু হয়।
সূত্রটি আরও জানায়, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইমুম সারওয়ার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কৃষি, হোটেল ব্যবসা ও আবাসন ব্যবসাকে আয়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। নিট সম্পদের পরিমাণ দেখান ৫৩ লাখ ৫৬ হাজার টাকার। নিজের বার্ষিক আয় ২ লাখ ৪৫ হাজার টাকা এবং ব্যয় ২ লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করেন।
সোনালী ব্যাংকের পরিচালক নিযুক্ত হওয়ার পর তিনি বিপুল পরিমাণ টাকার মালিক হন, এমন অভিযোগ ওঠার পর সাইমুম ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী তলব করে দুদক। সম্পদ বিবরণী যাচাই করেন সংস্থাটির উপপরিচালক এস এম মফিদুল ইসলাম।
মফিদুল ইসলামের প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুদক সাইমুম সারোয়ার ও তাঁর স্ত্রীকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
এর আগে ২০১৪ সালের শেষ দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সরকারদলীয় সাংসদ এনামুল হক, আসলামুল হককে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেয় দুদক।