সাংসদ সালামের সদস্যপদের বৈধতা নিয়ে রুল জারি
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সাংসদ পদে বহাল থাকার আইনগত বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।ঋণখেলাপি হওয়ায় আবদুস সালামের সাংসদ পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে নান্দাইল থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তসরা গ্রামের জামালউদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ। আদালত ও নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, সাংসদ আবদুস সালাম ভালুকার ডায়নামিক টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক। এই কারখানাটি জনতা ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় ঋণখেলাপি। এ কারণে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সালামের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন তৎকালীন নির্বাচন কমিশন। এরপর আবদুস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন। ফলে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় এবং নির্বাচনে জয়ী হন তিনি।