সাংসদ সাহারা খাতুনকে সভাপতি করার বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় অবস্থিত ঢাকা উইমেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সাংসদ সাহারা খাতুনকে মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেওয়া হয়।
বেসরকারি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য বাহাউদ্দিন আহমেদের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, রিট আবেদনের ওপর কাল (মঙ্গলবার) শুনানি হতে পারে।
আবেদনের যুক্তি বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ১ জুন হাইকোর্টের দেওয়া এক রায়ের চেতনার অনুসারে সাংসদের কাজ হলো আইন প্রণয়ন করা। রায় অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি করতে হবে নির্বাচনের মাধ্যমে। তবে সাহারা খাতুনকে নির্বাচনের মাধ্যমে সভাপতি করা হয়নি। সাহারা খাতুন এর আগে ডিও লেটার দিয়ে মমতাজ উদ্দিন পাটোয়ারীকে পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য চিঠি দেন। এতেও জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মতি দেয়। এটি আইনসম্মত হয়নি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সাংসদদের সভাপতি মনোনীত করার বিধান অবৈধ ঘোষণা করে ১ জুন হাইকোর্ট রায় দিয়েছিলেন।