সাংসদ সিরাজুল আকবরের দাফন সম্পন্ন
মাগুরা-১ আসনের সাংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং নবগঠিত মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. সিরাজুল আকবরের দাফন গতকাল বুধবার মাগুরায় সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে তাঁর মরদেহ হেলিকপ্টারে মাগুরায় আনা হয়।
স্থানীয় নোমানী ময়দানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তি তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানায়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শিশু হাসপাতাল ও জাতীয় সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
৯ মার্চ রাত আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ৭১ বছরে বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সিরাজুল আকবর আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।