সাংসদ সেলিম ওসমানের পক্ষে অবরোধ-মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন : শিশির
কার্টুন : শিশির

নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে তাঁর অনুসারীরা আজ রোববার দুপুরে মানববন্ধন করেছেন। এই কর্মসূচি পালনের আগে সড়ক অবরোধ করা হলে প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
সেলিম ওসমান বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল বলেন, ‘সেলিম ওসমান শিক্ষককে কান ধরে ওঠবস করিয়ে সঠিক কাজ করেছেন। যারা সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার করছে। এখন থেকে নারায়ণগঞ্জে কেউ সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার করলে তাকে উৎখাত করা হবে।’ 

নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে মানববন্ধন আরও বক্তব্য দেন দোকান মালিক সমিতির সভাপতি খসরু আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তি দাবি করেন। একই সঙ্গে সাংসদ সেলিম ওসমানের সমালোচনাকারীদের প্রতি হুমকি দিয়ে তাঁরা বলেন, ঢাকা থেকে কেউ এসে সেলিম ওসমানের সমালোচনা করলে নারায়ণগঞ্জ থেকে ফিরে যেতে দেওয়া হবে না। সংযত হয়ে কথা বলারও পরামর্শ দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচির আগে সাংসদের অনুসারীরা নারায়ণগঞ্জের কেন্দ্রস্থল চাষাঢ়া গোলচত্বরে এলোপাতাড়ি যাত্রীবাহী বাস রেখে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়ক, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার যাত্রীকে।