শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সাংসদ এ কে এম সেলিম ওসমান ও অপুকে আগামী ১৪ মে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
মামলায় নারায়ণগঞ্জ বন্দর থানা-পুলিশ সেলিম ওসমান ও অপুর পূর্ণ নাম-ঠিকানাসংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করে। ওই প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামিদের ঠিকানায় সমন জারির আদেশ দেন। নারায়ণগঞ্জ বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান প্রতিবেদন দাখিল করেন।
যে ঠিকানায় সমন যাবে
এ কে এম সেলিম ওসমান। পিতা: এ কে এম সামসুজ্জোহা, হিরা মহল, উত্তর চাষাঢ়া, নারায়ণগঞ্জ। আর অপু, পিতা: সামসুল হক, নারায়ণগঞ্জ বন্দর। আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩৫৫ ও ৫০০ ধারায় দেওয়া বিচার বিভাগীয় প্রতিবেদন আমলে নিয়ে সমন জারির আদেশ দেন।
২০১৬ সালের ১৩ মে ধর্ম অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণদি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে। ওই বছরের ১০ অক্টোবর হাইকোর্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমানকে তদন্ত করে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আদালত ১৯ জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন। হাইকোর্ট ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠান।
আদালত সূত্র জানায়, সেলিম ওসমান ও অপুর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। তবে প্রতিবেদনে তাঁদের ঠিকানা উল্লেখ না থাকায় ১৯ মার্চ নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে দুজনের ঠিকানা সংগ্রহ করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত।
এর আগে ২০১৬ সালের ৭ আগস্ট শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় সেলিম ওসমানের সম্পৃক্ততা নেই মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে পুলিশ।