সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি পাওয়ার জন্য অপেক্ষার সময় কমে গেল। দুই বছর অপেক্ষার বর্তমান বিধি সংশোধন করে সংসদ সদস্যদের নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি আমদানির সুযোগ দেওয়া হচ্ছে।এ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করার নির্দেশনা দিয়ে সংসদ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। ৬ জুন সংসদ কমিশনের সভায় বিষয়টি অনুমোদন করা হয়। সুযোগের ব্যাপক অপব্যবহারের কারণে সৃষ্ট বিতর্কের জেরে বিগত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশের মাধ্যমে শুল্কমুক্ত গাড়ি আমদানির ব্যবস্থা বাতিল করেছিল।গত ২১ এপ্রিল জারি করা নতুন একটি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গাড়ি আমদানির জন্য সংসদ সদস্যদের সদস্যপদের মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদের মেয়াদ দেড় বছর পার হয়ে গেছে। কিন্তু সদস্যদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করা যায়নি। তাই সম্ভাব্য দ্রুততম সময়ে এ গাড়ি আমদানির জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। স্পিকার বলেন, একজন সাংসদ নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে গাড়ি আনতে পারেন, সে জন্য আইন সংশোধন করতে পাঠানো হয়েছে।এর বাইরেও আরও ছোট কিছু সংশোধনী রয়েছে বলে জানান তিনি।প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কোনো সাংসদের মৃত্যু হলে তাঁর উত্তরাধিকারীরা শুল্ক পরিশোধ করে ওই গাড়ি ব্যবহার করতে পারবেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো চিঠিতে তা পরিবর্তন করে শুল্ক ছাড়াই পরিবারের গাড়ি ব্যবহারের সুযোগ রাখার কথা বলা হয়েছে।প্রসঙ্গত, নবম সংসদেই প্রথমবারের মতো অর্ধেকের বেশি নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৩০০ সাংসদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ১৬৪ জন। আর সংরক্ষিত আসনের ৪৫ জনের মধ্যে ৩৫ জনই নতুন।সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেওয়া শুরু হয় এরশাদ আমলে। অষ্টম সংসদ পর্যন্ত তা বহাল ছিল। সুযোগটির অপব্যবহারের ব্যাপক অভিযোগ থাকায় এটি ক্রমে বিতর্কিত হয়ে পড়ে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে এ সংক্রান্ত আইনটি বাতিল করে। কিন্তু বর্তমান সরকার সংসদে অধ্যাদেশটির বৈধতা না দেওয়ায় তা বাতিল হয়ে যায়।অনেক কথাবার্তার পর গত বছরের ৩ জুন সংসদ কমিশনের সভায় সংসদ সচিবালয় থেকে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবার সরকার তেল ও চালকের খরচসহ আগের মতো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।