সাংসদ হত্যার চক্রান্ত মামলায় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান খানের। কালীগঞ্জ থানা-পুলিশ তাঁকে স্থানীয় সাংসদ হত্যার চক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। পুলিশ বলছে, আজিজুরকে গত শনিবার রাতে যশোরের বেনাপোল থেকে আটক করা হয়েছে।
আজিজুর মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। বাড়ি ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামে।
পরিবারের ভাষ্য, আজিজুর ৮ নভেম্বর ভোরে বাড়ি থেকে হাঁটতে বের হন। এ সময় সাদাপোশাকের লোকজন পুলিশ পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।
আজিজুরের ভাতিজা মো. খমিনুর রহমান খান বলেন, চাচা প্রতিদিনই ভোরে হাঁটতে বের হন। মাঠের ফসল দেখে ১০টার দিকে বাড়িতে ফেরেন। ওই দিনও একইভাবে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টায়ও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে গ্রামের ইটভাটার এক শ্রমিক তাঁদের বলেন, আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। তাতে বসে ছিল চার-পাঁচজন। বাইরে হাঁটাহাঁটি করছিল আরও দুজন। আজিজুরকে ওই মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা নেওয়া হয়নি।
কালীগঞ্জ থানা-পুলিশ প্রথম থেকে বলে আসছিল, আজিজুরের বিষয়ে তারা কিছুই জানে না। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ জিডি করতে আসেনি।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল রোববার সাংবাদিকদের বলেন, আজিজুরকে তাঁরা শনিবার মাঝরাতে বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করেন। রাতেই তাঁকে কালীগঞ্জে নিয়ে আসা হয়। ওসির দাবি, আজিজুর স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যার ষড়যন্ত্রে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছেন। পরে গতকাল রোববার আদালতেও তিনি স্বীকারোক্তি দিয়েছেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সাংসদ আজিমকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। ২ নভেম্বর সাংসদের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ মামলাটি করেন। ওই মামলায় আজিজুরকে নিয়ে আওয়ামী লীগের দুই নেতা ও একজন সরকারি কর্মচারী গ্রেপ্তার হয়েছেন।