সাংসদ হত্যার বিচার হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সাংসদ হত্যা কখনো মেনে নেওয়া যায় না। এর বিচার হবেই।’
গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের আট জেলার জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এ কথা বলেন শেখ হাসিনা। আটটি জেলার ৬ হাজার ২৯৯টি স্থান থেকে প্রায় ৩১ লাখ মানুষ এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে গাইবান্ধায় একজন নির্বাচিত সাংসদকে হত্যা করা হয়েছে। তিনি জামায়াত-শিবিরের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে হত্যা করা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শেখ হাসিনা অপরাধীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘যারা এর সঙ্গে জড়িত, যে কোনোভাবে তাদের খুঁজে বের করতে হবে। কারণ ওই সুন্দরগঞ্জে আমরা জানি তারা কীভাবে তাণ্ডব চালিয়েছিল। কীভাবে তারা দোকানপাট, সরকারি অফিস-আদালত পুড়িয়েছিল। কীভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। তাদের অত্যাচার-নির্যাতনে ওই এলাকার মানুষ ছিল অতিষ্ঠ। এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিল এই লিটন, আমাদের এমপি। অথচ তাকেই তারা হত্যা করল। জনপ্রতিনিধির হত্যাকাণ্ড আমরা কখনোই মেনে নিতে পারি না।’
ড. ওয়াজেদ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
এর আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন (দশতলা) এবং এক হাজার আসনের শেখ হাসিনা ছাত্রী হলের (দশতলা) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলটি যখন একনেকে আসে এটি ছিল ছয় শ আসনবিশিষ্ট। যেটি আমি এক হাজার আসনবিশিষ্ট করে দিই। কারণ আমরা আশা করি, আমাদের ছাত্রীসংখ্যা আরও বাড়বে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। যে কারণে আমরা এই গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এই ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’