সাংসদ হাচানুর আবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের (পাথরঘাটা-বামনা-বেতাগী) সাংসদ শওকত হাচানুর রহমানকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাথরঘাটা পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউব ওই সাংসদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গত রোববার সাংসদকে নোটিশ দেওয়া হয়।
পাথরঘাটার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ শওকত হাচানুরকে রোববার বিকেলে ওই নোটিশ দেওয়া হয়েছে। আগামী চার দিনের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
এর আগে ৪ ডিসেম্বর আওয়ামী লীগদলীয় সাংসদ শওকত হাচানুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৩ ডিসেম্বর বেতাগী পৌরসভার দলীয় প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র হেলিকপ্টারে করে ঢাকা থেকে বেতাগীতে আনায় তাঁকে ওই নোটিশ দেওয়া হয়েছিল।
বিএনপির প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউবের লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের নিয়ে গত শনিবার এক রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়। পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা এলাকার শাহাদাতনগর হাফিজি মাদ্রাসার দোতলার একটি কক্ষে ওই বৈঠক হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চারটি মাইক্রোবাস ও ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে ওই বৈঠকে যোগ দেন সাংসদ শওকত হাচানুর ও তাঁর দলের নেতা-কর্মীরা। বৈঠক রাত পৌনে নয়টার দিকে শেষ হয়। বৈঠকে সাংসদের সঙ্গে দলীয় মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনও উপস্থিত ছিলেন। বৈঠকে সাংসদ নেতা-কর্মীদের তিন দফা নির্দেশনা দেন। এগুলো হলো ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ভোটারদের কাছ থেকে মেয়র প্রার্থীর ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল দেবেন, ধানের শীষ প্রতীকের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাতে বাধ্য করবেন এবং নির্বাচনের অন্তত পাঁচ দিন আগে ধানের শীষের কর্মীদের এলাকা ত্যাগ করাতে ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় মল্লিক মোহাম্মদ আইউব রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখায়াত হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে রিটার্নিং কর্মকর্তা সাংসদকে ওই দিন বিকেলে নোটিশ দেন।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা সাংসদের উপস্থিতিতে ওই বৈঠক ও তিন দফা নির্দেশনার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মল্লিক মোহাম্মদ আইউব অভিযোগ করে বলেন, ‘সাংসদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পৌর নির্বাচনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছেন। তিনি শনিবার শাহাদাতনগর হাফিজি মাদ্রাসায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ভোট কারচুপির নীলনকশা করেছেন। ঘটনাটি আমি জেলা প্রশাসককেও মৌখিকভাবে জানিয়েছি।’
জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো বৈঠকই হয়নি। বিএনপির প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ অসত্য।
সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, তিনি শনিবার ওই ধরনের কোনো বৈঠক করেননি। বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন ও কাল্পনিক।
আরেক সাংসদের উপস্থিতিতে ভোট প্রার্থনা: বিজয় দিবস উপলক্ষে বরগুনায় গতকাল আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগ ওই সব কর্মসূচির আয়োজন করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ওই শোভাযাত্রা হয়। এতে বরগুনা-১ (সদর) আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। সন্ধ্যা সাতটায় শহরের সিদ্দিক স্মৃতি মঞ্চে সমাবেশ হয়।
সমাবেশে মেয়র প্রার্থী কামরুল দলের দুই ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কার বিরুদ্ধে বিদ্রোহ করছেন, শেখ হাসিনার বিরুদ্ধে? শেখ হাসিনা, শম্ভুদা (ধীরেন্দ্র দেবনাথ শম্ভু), জাহাঙ্গীর কবিরের মুখ উজ্জ্বল করতে ৩০ তারিখে নৌকায় ভোট দিন।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্বাস হোসেন মোল্লা বলেন, ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে কামরুলকে জয়ী করুন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবদুর রশিদ বলেন, বরগুনায় নৌকা যেন হেরে না যায়, তা হলে সব ধ্বংস হয়ে যাবে।
সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘এটা বিজয় দিবসের সভা। আমি জনপ্রতিনিধি হিসেবে বলব না আপনারা কোথায় ভোট দেবেন, সেটা আমি বলতে পারি না। তবে একটি কথা বলি, যাঁরা আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট করছেন, তাঁদের আর দলে জায়গা হবে না।’ বক্তৃতার শেষে সাংসদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রমুখ।