তদন্ত প্রতিবেদন চূড়ান্ত : মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
সাংসদ হান্নানসহ আটজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
অপর সাতজন হলেন রফিক সাজ্জাদ (সাংসদ হান্নানের ছেলে), খন্দকার গোলাম ছাব্বির আহমদ, মিজানুর রহমান, হরমুজ আলী, ফখরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। এঁদের মধ্যে পলাতক রয়েছেন ফখরুজ্জামান, সাত্তার ও রব্বানী। অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। এম এ হান্নান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ। গতকাল সোমবার তদন্ত সংস্থা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমের পাঁচটি অভিযোগ আনা হয়েছে এই আটজনের বিরুদ্ধে। প্রথম অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গোলকীবাড়ী বাইলেনের ভাস্কর আবদুর রশিদকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা। দ্বিতীয় অভিযোগ, ত্রিশাল থানার বৈলর হিন্দুপল্লি ও মুন্সিপাড়ায় অগ্নিসংযোগ এবং মো. সেন্টু ও আবদুর রহমানকে গুলি করে হত্যা। তৃতীয় অভিযোগ, বৈলরের রহমান মেম্বারকে হত্যা ও লাশ গুম। চতুর্থ অভিযোগ, খন্দকার আবদুল আলী রতনকে হত্যা ও লাশ গুম। পঞ্চম অভিযোগ, আবেদ হোসেন খান নামের এক ব্যক্তিকে নির্যাতন করে পাকিস্তান সেনাবাহিনীর কাছে হস্তান্তর। এ ছাড়া কে এম খালিদ বাবুকে আটকের পর নির্যাতন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরে এম এ হান্নান ও অপর সাতজন ময়মনসিংহ শহরের জেলা পরিষদের ডাকবাংলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, রামবাবু রোডের ৫৯ নম্বর বাড়িকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান, সমন্বয়ক এম সানাউল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান। পরে এম সানাউল হক প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে গতকাল জমা দেওয়া হয়েছে।
ময়মনসিংহের আদালতে শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এম এ হান্নানসহ কয়েকজনের বিরুদ্ধে গত বছরের ১৯ মে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান।
মামলার আরজিতে বলা হয়েছে, একাত্তরের অক্টোবরে ত্রিশালের বৈলর মুন্সিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে গৌরীপুর উপজেলা থেকে শান্তি কমিটির নেতা এম এ হান্নান এবং তাঁর সহযোগীরা ধরে নিয়ে যান। আবদুর রহমানকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়।