সাংসদ হান্নানসহ চারজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা জাতীয় পার্টির (জাপা) ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নানসহ চারজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। অন্য যে তিনজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাংসদ এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ এবং খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান।
১ অক্টোবর ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২ অক্টোবর সাংসদ এম এ হান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সাংসদ ও তাঁর ছেলেকে ঢাকা থেকে এবং বাকি তিনজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
সাংসদ হান্নানসহ চারজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন। তিনি প্রথম আলোকে বলেন, চারজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, এই মামলায় গ্রেপ্তার অপরজন হরমুজ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারের পর ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। আটজনের অপর তিনজন পলাতক আছেন। এঁরা হলেন ফকরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। এই আটজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে: মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে গতকাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। আগামী ২৪ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
নোয়াখালীর এই পাঁচজন হলেন আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস ও এ কে এম মনসুর। তাঁদের মধ্যে মনসুর পলাতক।
মৌলভীবাজারে গ্রেপ্তার হওয়া দুজন
কারাগারে: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গ্রেপ্তার হওয়ার পর কড়া নিরাপত্তায় তাঁদের রাজনগর থেকে ঢাকায় পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের মাওলানা ইউনুছ আহমদ (৭০) ও গয়াসপুর গ্রামের উজায়ের আহমদ চৌধুরী (৬৫)। গতকাল ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর তদন্তের অগ্রগতি বা তদন্ত প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, পুলিশ বলেছে, ওই দুজনের বিরুদ্ধে গত মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। ওই দিনই পুলিশ তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এর আগে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দোহা গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনকে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তাঁদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কড়া নিরাপত্তায় তাঁদের ঢাকায় নিয়ে যান।