সাংসদ হান্নানসহ চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন্দী জাতীয় পার্টির (জাপা) ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নানসহ চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বুধবার এ আদেশ দেন।
অন্য তিনজন হলেন-সাংসদের ছেলে রফিক সাজ্জাদ এবং খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান।
সরকারি কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন প্রথম আলোকে বলেন, ‘আমি ট্রাইব্যুনালে এই চারজনকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছি। আদালত ওই আবেদন মঞ্জুর করেছে।’
সরকারি কৌঁসুলি আরও বলেন, এই মামলায় আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে পাঁচজন বন্দী। এর মধ্যে চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে। হরমুজ আলী নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তারের পর ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। ফকরুজ্জামান, আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী নামে তিনজন পলাতক।
কারাবন্দী পাঁচজনকে ২ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সাংসদ ও তাঁর ছেলেকে ঢাকা থেকে এবং বাকি তিনজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।