সাংসদ হান্নানের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ শাখার উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তরের শান্তি কমিটির নেতা এম এ হান্নানের বিচার এখন সময়ের দাবি। সারা দেশের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের যখন বিচার হচ্ছে, তখন ময়মনসিংহের এই আলবদর নেতার বিচার হওয়া ময়মনসিংহের মানুষের প্রাণের দাবি।
মানববন্ধনে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান প্রমুখ।
১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আব্দুর রহমান নামের একজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন ও গুলি করে হত্যার অভিযোগে এম এ হান্নানের নামে গত এপ্রিলে ময়মনসিংহের একটি আদালতে মামলা করেন ওই শহীদের স্ত্রী। আদালত মামলাটি তদন্তের জন্য মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত ট্রাইব্যুনালে পাঠান।