সাংসদ হারুনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৯ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘সাংসদ হারুনের পাঁচ বছরেই এত সম্পদ!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুন (বি এইচ হারুন)।
প্রতিবাদপত্রে সাংসদ বি এইচ হারুন বলেছেন, প্রতিবেদনে তাঁর সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। একটি পরিবার সম্পর্কে এভাবে মনগড়া তথ্য তুলে ধরা সমীচীন নয়। তিনি ৩৭ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছেন এবং নিয়মিত কর দিচ্ছেন। সুতরাং পাঁচ বছরে সম্পদ অর্জনের তথ্যটি সম্পূর্ণ অসত্য। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর প্রতিপক্ষ এসব মনগড়া তথ্য দিয়েছে এবং তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের চেক নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা আদৌ সত্য নয়। খলিলুর রহমান ২০১৪ সালের ২২ জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) অ্যাফিডেভিটের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুদকে নথিভুক্তির মাধ্যমে বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। একই দিন ভিন্ন এক অঙ্গীকারনামায় যেসব চেকের ব্যাপারে গরমিলের অভিযোগ তুলেছিলেন, সে ব্যাপারে কোনো অভিযোগ বা আপত্তি তুলবেন না মর্মে লিখিত দেন। পাশাপাশি প্রতিবেদনে উল্লেখিত পাঁচ কোটি টাকার চেকের বিষয়ে ওই চেকগুলো কোথাও উপস্থাপন করবেন না মর্মে ভিন্ন একটি অঙ্গীকারনামায় লিখিত দেন খলিলুর রহমান।
বজলুল হক হারুন বলেন, ‘নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা নিয়ে মনগড়া তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ২০১৩ সালের হলফনামা অনুযায়ী আমার স্ত্রীর সম্পদের সব তথ্য উল্লেখ করা হলেও ২০০৮ সালের হলফনামার তাঁর স্ত্রীর তথ্যসহ অধিকাংশ তথ্য বাদ দিয়ে কিছু অংশ তুলে ধরা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, চাতুর্যপূর্ণভাবে আংশিক তথ্য তুলে ধরা হয়েছে।
রেইনট্রি হোটেলে অপ্রীতিকর ঘটনায় ছেলেরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংবাদ সম্মেলন করে দায়ী ব্যক্তিদের বিচারও চেয়েছেন বলে প্রতিবাদপত্রে উল্লেখ করেন বি এইচ হারুন। তিনি বলেন, ‘এ ঘটনাকে ইস্যু করে আমার পরিবারের সুনাম নষ্টের অপচেষ্টা করা হয়েছে। হোটেলের জমি কেনা হয় ১৯৮৯ সালে আমার স্ত্রী মনিরা আক্তারের নামে। প্রতিবেদনে এমনভাবে তুলে ধরা হয়েছে আমি সরকারি দলের সাংসদ পদ ব্যবহার করে এ জমি কিনেছি, এটা মিথ্যা।’ তিনি বলেন, ‘বিলাসবহুল হোটেল নির্মাণের অর্থ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অথচ অন্য ব্যবসায়ীদের মতোই আমার ছেলেরা ব্যাংকঋণ নিয়ে এটা করেছে এবং রূপালী ব্যাংকের কাছে ভবনটি বন্ধকীকৃত। এক ছেলের জাহাজ কেনা, এক ছেলে ২০ কোটি টাকা দিয়ে ব্যাংকের (প্রিমিয়ার ব্যাংক) পরিচালক হওয়া, ভাইয়ের নামে ১৫ কোটি টাকা ব্যাংকে জমা—সবই আজগুবি তথ্য।’
প্রতিবেদকের বক্তব্য
বি এইচ হারুনের সম্পদের তুলনামূলক চিত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর দুই হলফনামা থেকে। চিত্র তৈরিতে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। হলফনামার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, দুদকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি তৈরি করা হয় এবং সংস্থাগুলোর সংশ্লিষ্ট কাগজপত্র প্রথম আলোর কাছে আছে।
সরকারি দলের সাংসদ পদ ব্যবহার করে জমি কিনেছেন—এমন কথা প্রতিবেদনের কোথাও বলা হয়নি। আর রূপালী ব্যাংক থেকে রেইনট্রি হোটেলের নামে গত বছর ঋণ নেওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের চেক নিয়ে খলিলুর রহমানের অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলে সাংসদ বি এইচ হারুন দাবি করলেও বিষয়টি মীমাংসিত নয়। এ ব্যাপারে দুদক তদন্তের অংশ হিসেবে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তথ্য চেয়ে চলতি বছরের ৪ এপ্রিল চিঠি পাঠিয়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘২০১৬ সালের ২৫ অক্টোবরের হাইকোর্টের স্থগিতাদেশ ২১ নভেম্বর আপিল বিভাগে রদ (ভ্যাকেট) হওয়ায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও কাগজপত্র প্রদানের আইনগত কোনো বাধা নেই।’
নৌপরিবহন অধিদপ্তর ন্যাভস্টার শিপিং লিমিটেডকে ‘এমভি ন্যাভস্টার ওয়ান’ এবং ‘এমভি ন্যাভস্টার থ্রি’ নামে দুটি জাহাজ চলাচলের সনদ দেয়। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, কোম্পানিটির এমডি বি এইচ হারুনের ছেলে শাহ মো. নাহিয়ান হারুন। বি এইচ হারুন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক। খলিলুর রহমানের টাকা আত্মসাতের অভিযোগের পর ওই ব্যাংকের পরিচালক হন নাহিয়ান হারুন।