সাংসদ হারুনের বিরুদ্ধে প্রতারণার আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ বজলুল হক হারুনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ১ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগ এনে গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ মামলাটি গ্রহণ করে সাংসদ হারুনকে আগামী ৫ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলায় অভিযোগ করা হয়, সাংসদ বজলুল হক হারুন ব্যবসায়িক প্রয়োজনে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেন। এই ধারের টাকা আংশিক পরিশোধ করার ১ কোটি টাকার চেক দেন বজলুল হক। ওই চেক ব্যাংকে নগদায়ন না হওয়ায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় চেক প্রতারণার এ মামলা করেন। এর আগে ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে দুটি মামলা হয়েছে ঢাকার আদালতে।