সাংসদ হিসেবে শপথ নিলেন মাহমুদুল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে টাঙ্গাইল-৫ আসনে নির্বাচিত ঘোষিত বিএনপিদলীয় সাংসদ মাহমুদুল হাসান গতকাল বুধবার বিকেলে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ নিজ কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী, বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, শহিদ উদ্দীন চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, নিলোফার চৌধুরী ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন।শপথ নেওয়ার পর মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আল্লাহ অনিয়ম পছন্দ করেন না। বিলম্বে হলেও ন্যায়ের জয় হয়েছে।’ বিএনপি সংসদ বর্জন করছে, এই অবস্থায় কতখানি দায়িত্ব পালন করতে পারবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময়ের সর্বোচ্চ ব্যবহার করব। এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে।’এ নিয়ে নবম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপির সংরক্ষিত নারী আসনসহ মোট আসন দাঁড়াল ৩৭টি। অন্যদিকে জাতীয় পার্টির আসন একটি কমে ২৮টি হলো।২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছিলেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আবুল কাশেম। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন মাহমুদুল হাসান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি আবুল কাশেমের বিরুদ্ধে টেলিফোন বিল ও ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এই ট্রাইব্যুনাল এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশন আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করে।