সাংসদকে অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের কালিয়াকৈর খান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে অতিথি না করায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাপে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর খান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি করা হয় সদর উপজেলার হাটীপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মনির হোসেনকে। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল ও তোরণ নির্মাণ করা হয়। গতকাল সকালে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই বিদ্যালয়ে উপস্থিত হন। তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে মাইকে ঘোষণা দেওয়া হয়, অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করা হলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্দেশে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল গনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করা হয়।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে গোলাম মনির হোসেন আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে তিনি অতিথি হচ্ছেন এবং অনুদান দিচ্ছেন। নির্বাচনী এলাকা হলেও সাংসদ মমতাজ বেগমকে অতিথি করা হয়নি। এ কারণে সাংসদের অনুসারী আবদুল মাজেদ বিদ্যালয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এর আগে গত সোমবার সদর উপজেলার লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও গোলাম মনির হোসেনকে প্রধান অতিথি করা হয়। তবে সাংসদের অনুসারী নেতাদের নির্দেশে সেই অনুষ্ঠানও স্থগিত করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান বলেন, গোলাম মনির হোসেন একজন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি। স্কুলের উন্নয়নের জন্যই তাঁকে প্রধান অতিথি করা হয়। কিন্তু আবদুল মাজেদ জানান, ওপরের নির্দেশ আছে, অনুষ্ঠান স্থগিত করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবদুল মাজেদ। তিনি বলেন, ‘আমি তো জাতীয় সংসদ নির্বাচন করব না। তাহলে কেন অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেব?’
গোলাম মনির হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে আমি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। এ কারণে সাংসদ মমতাজ বেগম আমাকে তাঁর প্রতিদ্বন্দ্বী ভাবছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর (মমতাজ বেগম) নির্দেশেই ওই দুই বিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করা হয়।’
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংসদ মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘ওই স্কুলের অনুষ্ঠানের কথা আপনার কাছেই শুনলাম। তা ছাড়া ওই ব্যক্তি (মনির হোসেন) দলেরই লোক। দলের লোক অতিথি হলে অনুষ্ঠান পণ্ড হবে কেন? আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।’