সাংসদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি বিএনপির একাংশের
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশ (উপজেলা চেয়ারম্যানের পক্ষ) গতকাল শনিবার দুপুরে দলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে ২১ জুলাইয়ের মধ্যে বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা বানোয়াট-ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও দলের মধ্যে ষড়যন্ত্র বন্ধ করা না হলে সাংসদকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার কথা বলা হয়েছে।দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, সাংসদ এ কে এম হাফিজুর রহমান রাজনৈতিকভাবে জনধিকৃত হয়ে পড়েছেন। বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সাংসদ এখন আওয়ামী লীগের নেতাদের ওপর ভর করে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দাবিয়ে রাখার চেষ্টা করছেন। তার পরও সুবিধা করতে না পেরে তিনি দলীয় লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করাচ্ছেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অচিরেই সাংসদের অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত, তাঁর ঘৃণ্য ষড়যন্ত্র ও বিষাক্ত ছোবল থেকে স্থানীয় বিএনপিকে রক্ষা করতে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।এ ব্যাপারে সাংসদ এ কে এম হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান বিগত সংসদ নির্বাচনের সময় মহাজোটের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন। তারপর উপজেলা নির্বাচনে খালেদা জিয়ার মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের নিয়ে নির্বাচন করেছেন। এ জন্য তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কারও করা হয়। এখন বিপথগামী, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজেরা তাঁর সঙ্গে। এসব সন্ত্রাসী অস্ত্রের মুখে টাকা ছিনতাই করে। যাঁদের টাকা ছিনতাই হয়েছে, তাঁরা মামলা করেছেন।’টিআর ও কাবিখা প্রকল্পের টাকার ভাগবাটোয়ারা নিয়ে শিবগঞ্জে বিএনপিদলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংসদের অনুসারী জাহিদুল ইসলাম টিআর প্রকল্পের টাকা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যানের অনুসারী ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার এ বিষয়ে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশ হয়।