সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হকের ওপর হামলার মূল আসামি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ ম ম আমজাদ হোসেনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তবে মামলার বাদী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল শেখ গত রোববার আদালতে নারাজির আবেদন করেছেন।
মো. আবদুল হক উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় সাংসদের সমর্থিত পক্ষের সঙ্গে উপজেলা চেয়ারম্যান-সমর্থিত ব্যক্তিদের বাগ্বিতণ্ডা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিস্থিতি অস্বাভাবিক দেখে সভা মুলতবি ঘোষণা করেন। একপর্যায়ে সাংসদের লোকজন উপজেলা চেয়ারম্যান আবদুল হকের ওপর হামলা চালান। এতে আবদুল হক আহত হন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুল ১ নভেম্বর সাংসদ আমজাদকে হুকুমদাতা হিসেবে প্রধান আসামি করে ১৪ জনের নামে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক প্রধান আসামির নাম বাদ দিয়ে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেওয়ায় মামলার নির্ধারিত শুনানির দিন রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল ইসলামের আদালতে বাদী নারাজির আবেদন করেন ও বিচারিক তদন্তের দাবি জানান।
বাবুল বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে বিচারিক তদন্তের প্রয়োজন মনে করে আদালতের কাছে প্রার্থনা জানিয়েছি।’
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ফজলে আশিক বলেন, মামলা তদন্তে সাক্ষীদের জবানবন্দি নিয়েই সঠিকভাবে অভিযোগপত্র দেওয়া হয়েছে।