সাংসদকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সার্কিট হাউসে ৮ জুলাই রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গত বুধবার রাতে সাংসদের কাছে পাঠানো হয়েছে।
যোগাযোগ করলে জাপার প্রেসিডিয়াম সদস্য তাজ আহমদ কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন সার্কিট হাউসে সংঘর্ষে সাংসদের লোকজনের সংশ্লিষ্টতা, ভাঙচুর ও জেলা জাপার ইফতার পণ্ড করতে আরেকটি ইফতার পার্টির আয়োজন করার বিষয়ে সাত দিনের মধ্যে সাংসদকে কারণ দর্শাতে বলা হয়েছে।
৮ জুলাই জাতীয় পার্টির জেলা কমিটির ইফতার মাহফিলে যোগ দিতে কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সিলেটে আসেন। ইফতার শেষে তিনি সার্কিট হাউসে যাওয়ার আগেই সাংসদ ইয়াহইয়ার পক্ষের নেতা-কর্মীরা দলের অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় রাতেই সার্কিট হাউসের নাজির বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।