সাংসদকে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিলেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাহুল দাশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রাহুল দাশকে হুমকি দেওয়ার প্রতিবাদে আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সিইউজে। সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানকে ৭২ ঘণ্টার মধ্যে রাহুল দাশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে সিইউজে সাংসদের কুশপুত্তলিকা দাহ, তাঁর কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশসহ কঠোর কর্মসূচি দেবে।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহসভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও আবু তাহের মোহাম্মদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাবেক যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার প্রমুখ।

এর আগে সিইউজে রাহুল দাশকে হুমকি দেওয়ার অভিযোগে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়।