গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মন্জুরুল ইসলামের গুলিতে শিশু আহত হওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে জেলার মানুষের ক্ষোভ বাড়ছে। সাংসদকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবারও জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বুধবারও বিভিন্ন কর্মসূচি রয়েছে।
শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাংসদকে একমাত্র আসামি করে ৩ অক্টোবর রাতেই মামলা হলেও গতকাল পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি। স্থানীয় পুলিশ বলছে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন প্রথম আলোকে একই কথা বলেন। তিনি বলেন, সাংসদ মন্জুরুলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মন্জুরুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে গত সোমবার জেলায় মানববন্ধনসহ দু-একটি কর্মসূচি দেওয়া হলেও তাঁর লোকজনের হুমকিধমকিতে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। তবে গতকাল ভয়ভীতি উপেক্ষা করে মানববন্ধন, মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে শাহাদাত হোসেন ২ অক্টোবর বাড়ির পাশের সড়কে হাঁটার সময় দুই পায়ে গুলিবিদ্ধ হয়। পরিবার ও স্থানীয় লোকজনের অভিযোগ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুলের গুলিতে আহত হয় সে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পালিত হয় মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সভাপতি আহসানুল হাবীব, সাধারণ সম্পাদক মনজুর আলম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি নিলুফার ইয়াসমীন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ। তাঁরা বলেন, সাংসদ মন্জুরুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তারে গড়িমসি করছে। বক্তারা অবিলম্বে মন্জুরুলকে গ্রেপ্তার এবং তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।
গাইবান্ধা সদর উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ, গাইবান্ধা মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার নারী সমাজ ও যুব মৈত্রীর যৌথ আয়োজনে শহরের ডিবি রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সাধারণ সম্পাদক গোলাম মারুফ ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সমন্বয় পরিষদের সভাপতি কাজী আব্দুল খালেক প্রমুখ।
সাংসদ মন্জুরুল ইসলামকে মাদকাসক্ত উল্লেখ করে বক্তারা বলেন, এমন ব্যক্তির সংসদে বসে আইনপ্রণেতার দায়িত্ব পালন করা কোনোভাবেই সমীচীন নয়।
সুন্দরগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে গতকাল সাংসদকে গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। সুন্দরগঞ্জের পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্যাহ আল মামুন এই কর্মসূচির আয়োজন করেন।
নিজস্ব প্রতিবেদক, রংপুরজানান, শিশু শাহাদাত গুলিতে আহত হওয়ার প্রতিবাদে নগরের ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল দুপুরে কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের মাঠে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘ভালোবাসি বাংলাদেশ’ নামের একটি সংগঠন। কর্মসূচিতে ‘আমরা চকলেট চাই, গুলি চাই না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংগঠনটি শাহাদাতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে।
আজও কর্মসূচি: সাংসদকে গ্রেপ্তারের দাবিতে আজ সকালে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় ‘বামনডাঙ্গা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’।
সাংসদের নামে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি: এদিকে সোমবার রাতে সাংবাদিকদের ই-মেইলে জাতীয় সংসদের প্যাডে সাংসদ মন্জুরুলের একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে দাবি করা হয়, শিশু শাহাদাত আহত হওয়ার যে কারণ সংবাদমাধ্যমে এসেছে, তা ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি (সাংসদ) ২ অক্টোবর ভোরে মাছ কিনতে বাজারে যাচ্ছিলেন। পথে ১০-১৫ জন তাঁর গাড়ির গতিরোধ করে। বারবার হর্ন বাজালেও তারা সরে না যাওয়ায় জীবন রক্ষার্থে তিনি ফাঁকা গুলি চালান। এতে তারা ছত্রভঙ্গ হলে তিনি বাসায় ফিরে যান। পরে জানতে পারেন একটি শিশু আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।