সাংসদকে দাওয়াত না দেওয়ায় ফাইনাল খেলা স্থগিত!
সুনামগঞ্জ স্টেডিয়ামে গতকাল সোমবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা ছিল। সব প্রস্তুতির পর সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে খেলা স্থগিত করে দেওয়া হয়। অথচ এক দিন আগেই দুটি উপজেলার চারটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এ জন্য জেলা শহরে এসে অবস্থান করছিলেন।জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে আগে এ বিষয়ে জানানো হয়নি। ফাইনাল খেলার আগের দিন রোববার রাতে দাওয়াত দিতে গেলে তিনি মনঃক্ষুণ্ন হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি বুঝতে পেরে জেলা প্রশাসন সোমবার সকালে খেলা স্থগিত করে দেয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমকে। তিনি সুনামগঞ্জে এলেও অবশেষে খেলাটি আর হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম জানান, জেলা প্রশাসকের আদেশেই খেলা স্থগিত করা হয়েছে। এর বাইরে তিনি কিছু জানেন না। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘প্রস্তুতিগত সমস্যার কারণে ফাইনাল খেলা স্থগিত করা হয়েছে।’ কারণটি স্থানীয় সাংসদকে সময়মতো দাওয়াত না দেওয়া বা প্রধান অতিথি না করা কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকায় এত বড় একটা আয়োজন হবে, অথচ আমি কিংবা আমার দল কিছুই জানবে না, এটা তো হতে পারে না। রোববার রাতে আমাকে চিঠি দিতে এলে আমি ডিপিওকে বলেছিলাম, এটা ঠিক হয়নি। কিন্তু খেলা স্থগিত কেন করা হলো, তা আমি জানি না।’