সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল হকের ওপর হামলার ঘটনায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ ম ম আমজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। একই ঘটনায় আমজাদ হোসেনের দলীয় সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ওই হামলার সঙ্গে জড়িত তাড়াশ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বহিষ্কার করার জন্য নামের তালিকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাতসহ জেলা ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সাংসদ ম ম আমজাদ হোসেন গতরাতে মুঠোফোনে বলেন, ‘আমি অপরাধী হতে পারি। কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু তা দেওয়া হয়নি। জেলা কমিটি এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারে না।’
গত রোববার তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে ম ম আমজাদ হোসেনের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আবদুল হকসহ কয়েকজন নেতার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে আবদুল হকসহ সাতজন আহত হন। এ ঘটনায় আমজাদ হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কুমার সরকার গতকাল শুক্রবার বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মামলার আসামি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া আমজাদ হোসেনের বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ের নেতাসহ উপজেলার নেতাদের নানা অভিযোগ বেশ কয়েক দিন আগে জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস বলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের যেসব নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কমিটি বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এ ছাড়া আমজাদ হোসেনের বিরুদ্ধে উপজেলা কমিটির পক্ষ থেকে নানা অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হবে।