যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাহ হোসেন ওরফে বুরুজকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার আদেশের নির্ধারিত দিনে খুলনার মুখ্য মহানগর হাকিম শেখ আবদুল আহাদ এই অভিযোগপত্র গ্রহণ করেন।
এ ছাড়া পলাতক আসামি মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর দুই আসামি হলেন লিয়াকত আলী শিকদার ও মো. মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ।
সম্পূরক অভিযোগপত্র সম্পর্কে মতামত জানতে চেয়ে আদালত দুই দফা বাদীকে হাজির হওয়ার নোটিশ দিলেও তিনি হাজির হননি।
আদালত সূত্রে জানা গেছে, ইকবাল বিথার হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ৩১ জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে গত ৪ আগস্ট শুনানির দিন ছিল।
ওই দিন আদালত অভিযোগপত্র সম্পর্কে মামলার বাদী নিহত বিথারের শ্যালক এস এম রফিউর রহমানকে তাঁর মতামত জানতে চেয়ে নোটিশ দেন। বাদী নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত দিন ১৮ আগস্ট হাজির না হওয়ায় বাদীর অনুপস্থিতিতেই আদালত শুনানি করে ১ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। সর্বশেষ গতকালও তিনি হাজির না হওয়ায় আদালত সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন।
এর আগে গত ৩১ জুলাই সিআইডির পরিদর্শক শেখ শাহজাহান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটে মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর পপলু, ইকরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন রাজু, ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলি শিকদার, মো. মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে সাংসদ মিজানুর ও বুরুজের বিরুদ্ধে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ দুজনের অব্যাহতির বিষয়টি আদালতের বিবেচনায় রেখে বাকিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
২০০৯ সালের ১১ জুলাই রাতে মোটরসাইকেলে করে নগরের মুসলমান পাড়ার বাসায় ফেরার পথে মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীরা বিথারকে গুলি করে হত্যা করে।