সাংসদকে বাধা দিতে স্থানীয় আ.লীগের হরতাল পালন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিননগর ইউনিয়নে গতকাল শুক্রবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ। গতকাল ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদের ওই এলাকায় একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। সেটা ঠেকাতেই ওই হরতাল পালন করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।পুলিশ ও দলীয় সূত্র জানায়, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য পক্ষের নেতা হাবিব খান-কাবিল খান সমর্থিত নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে মশ্মিননগর ইউনিয়নে শুক্রবার হরতালের কর্মসূচি দেন। গতকাল সকাল থেকেই হরতালের সমর্থনকারীরা ঢাল-সুড়কি, লাঠিসোঁটা, ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মশ্মিননগর ইউনিয়নের রাজগঞ্জ, কাঁঠালতলা, চাকলা বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। এই চাকলা বাজারসংলগ্ন খেয়াঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি ছিল মনিরামপুরের স্থানীয় সাংসদ খান টিপু সুলতানের। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল হরতাল চলাকালে মনিরামপুর-রাজগঞ্জ, পুলেরহাট-ত্রিমোহিনী, রাজগঞ্জ-খদ্দহাটসহ বেশ কয়েকটি সড়ক অবরোধ করেন হরতাল সমর্থনকারীরা। ফলে সকাল থেকেই এসব সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এ ছাড়া হরতাল সমর্থনকারীদের বাধার মুখে স্থানীয় চাকলা বাজারের ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠান খুলতে পারেননি। এতে করে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। অন্যদিকে সাংসদ খান টিপু সুলতানের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি থাকায় চাকলা বাজারসংলগ্ন ঘাট এলাকায় গতকাল সকাল থেকে তাঁর সমর্থকেরা সেখানে জড়ো হতে থাকেন। সাংসদের সমর্থকদের অনেকেই সশস্ত্র অবস্থান নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।দলীয় সূত্র জানায়, সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সাংসদ টিপু সুলতান গতকাল সারা দিনই মনিরামপুরে ছিলেন। তবে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরে ওই সেতু উদ্বোধন করতে আর যাননি। এ ব্যাপারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে হরতালের কর্মসূচি দেওয়া হয়। তবে হরতাল চললেও সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।মশ্মিননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ‘সাংসদ খান টিপু সুলতানকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে এলাকায় ঢুকতে দেব না বলেই আমরা হরতাল কর্মসূচি পালন করেছি।’ তিনি দাবি করেন, সেতুটি স্থাপনের বিষয়ে সাংসদের কোনো অবদান নেই। অথচ তিনি জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা রওশন আলীর নামে সেতুটির নামকরণের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাঁদের দাবি, স্থানীয় শহীদ কোনো মুক্তিযোদ্ধার নামে সেতুটির নামকরণ করা হোক।এসব বিষয়ে সাংসদ খান টিপু সুলতানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।