সাংসদকে রক্ষা করতে মামলায় ভুল ঠিকানা দিল বন বিভাগ!
সুন্দরবনে সোয়া তিন লাখ লিটার তেল ছড়িয়ে পড়ার ঘটনায় করা মামলায় ভুল তথ্য দিয়েছে বন বিভাগ। মামলায় ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তির ভুল ঠিকানা দেওয়া হয়েছে।
বন বিভাগের করা মামলায় তেলবাহী ট্যাংকার সাউদার্ন স্টার-৭ কে ধাক্কা দেওয়ায় অভিযুক্ত এমটি টোটালের ঠিকানা হিসেবে চট্টগ্রাম উল্লেখ করা হয়েছে। অথচ ট্যাংকারটির মালিকানাধীন প্রতিষ্ঠান টোটাল মার্চেন্ডাইজিং অ্যান্ড ট্রিমসের কার্যালয় রাজধানীর বীর উত্তম সি আর দত্ত লেনে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম মোল্লা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ।
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, মামলার আসামির ঠিকানা ভুল দেওয়া ইচ্ছকৃত। বিভিন্ন মামলার অভিজ্ঞতায় দেখা গেছে, প্রভাবশালী আসামিকে রক্ষা করতেই ঠিকানা ভুল দেওয়া হয়। যাতে মামলার কাগজ তাঁর ঠিকানায় কখনোই না পৌঁছায়। আর মামলা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে আসামি রক্ষা পেয়ে যান।
সোয়া তিন লাখ লিটার ফার্নেস তেল ফেলে সুন্দরবনের ক্ষতি করায় তেলবাহী ট্যাংকার সাউদার্ন স্টার-৭-এর মালিক আমির হোসেন ও এমটি টোটালের মালিক সিরাজুল ইসলাম মোল্লাকে শুনানিতে ডেকেছিল পরিবেশ অধিদপ্তর। আমির হোসেন ওই শুনানিতে হাজির হয়েছিলেন। কিন্তু আসেননি এমভি টোটালের মালিক সিরাজুল ইসলাম মোল্লা।
যুবলীগের নেতা ও সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা গত ৩০ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরে শুনানিতে হাজির না হয়ে তাঁর একজন প্রতিনিধি পাঠান। মংলায় কাজে ব্যস্ত এই দাবি করে প্রতিনিধি আরও পরে শুনানিতে ডাকার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ করেন। তবে পরিবেশ অধিদপ্তর থেকে এখনো সিরাজুল ইসলাম মোল্লাকে ডাকার তারিখ নির্ধারণ করা হয়নি।
বন বিভাগ থেকে গত ৯ ডিসেম্বর সুন্দরবনে ওই ট্যাংকারডুবির ঘটনায় একটি মামলা করা হয়েছে। বাগেরহাট যুগ্ম জেলা জজ আদালত-১-এ করা ওই মামলায় আমির হোসেন ও সাউদার্ন স্টার-৭-এর ছয়জন কর্মচারীকে আসামি করা হয়েছে। আর যে জাহাজটির ধাক্কায় ট্যাংকারডুবির ঘটনা ঘটেছে অর্থাৎ এমটি টোটালের মালিক ও কর্মচারীদের নাম উল্লেখ না করে মামলাটি করা হয়েছে। তাও জাহাজ কোম্পানিটির ঠিকানা হিসেবে লেখা হয়েছে চট্টগ্রামের কথা।
বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ, ফরেস্টার আলমগীর পাঠান, আ. সাত্তার ও কামাল মিয়া বাদী হয়ে বন বিভাগের পক্ষে মামলাটি করেন। মামলা করার ছয় দিন পর সাউদার্ন স্টার-৭-এর মাস্টার মোখলেসুর রহমানের মৃতদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে মামলার আসামি হিসেবে এখনো মৃত মোখলেসুর রহমানের নাম রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার দিনই তাৎক্ষণিক পাওয়া তথ্যের ওপর নির্ভর করে মামলাটি করা হয়েছে। ফলে ঠিকানা ভুল হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য তাঁর কাছে নেই।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুন্দরবনে তেল ট্যাংকারডুবির ঘটনায় শুধু বন আইনে মামলা করলে হবে না। সুন্দরবনের পরিবেশ ধ্বংস করায় পরিবেশ সংরক্ষণ আইন-২০১০-এর ৭ ধারা, বন্য প্রাণীর ক্ষতি করায় বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২, নৌপথ আইন লঙ্ঘন করায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অর্ডিন্যান্স আইন-১৯৫৭ অনুযায়ী ওই দুই নৌযানের মালিকের বিরুদ্ধেই মামলার সুযোগ রয়েছে। দুর্ঘটনার ২৬ দিন পরও বন বিভাগ ছাড়া আর কোনো সরকারি সংস্থা এই ঘটনায় কোনো মামলা করেনি।
তবে এমটি টোটালের মালিক সিরাজুল ইসলাম মোল্লা দাবি করেছেন, এই দুর্ঘটনায় তাঁর মালিকানাধীন ট্যাংকারের কোনো দোষ নেই। তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সুন্দরবনের কোনো ক্ষতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘জাতিসংঘসহ সবাই বলছে কোনো ক্ষতি হয়নি। তাহলে কেন মামলা হবে।’
সাউদার্ন স্টার-৭-এর মালিক আমির হোসেন গত ৩০ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হয়ে তাঁর জাহাজটি মাঝরাতে ঘনকুয়াশার কারণে মৃগমারী এলাকায় নোঙর করেছিল বলে দাবি করেন। আর তেল ট্যাংকারটিকে ধাক্কা দেওয়ায় গত ১০ ডিসেম্বর এমটি টোটালের বিরুদ্ধে মংলা থানায় তিনি মামলা করেছেন বলেও জানান।
আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার জাহাজকে যারা ধাক্কা দিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমার জাহাজ ধ্বংস হয়ে গেল, মাস্টার মারা গেল, আর আমার বিরুদ্ধেই শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হলো। এ কেমন বিচার। ’