
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল শনিবার শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
সাংসদ হিসেবে শপথ গ্রহণের পর হাসিবুর গতকালই প্রথম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা শাহজাদপুরে আসেন। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে আসার পর শতাধিক মাইক্রোবাস ও প্রাইভেট কারের বহর নিয়ে নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। চলন্ত ট্রাকে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
বিশাল গাড়ির বহর নিয়ে সাংসদ বেলা সাড়ে ১১টায় শাহজাদপুরের সীমানায় পৌঁছালে সেখানে যুক্ত হয় সহস্রাধিক মোটরসাইকেলের বহর। ঢাকা-পাবনা মহাসড়কের দুই পাশে সাংসদকে স্বাগত জানান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন আর রঙিন বেলুন। নির্মাণ করা হয় অর্ধশতাধিক তোরণ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, আবদুল জব্বার, রবি চৌধুরী, ক্লোজআপ তারকা ঝিলিক ও ক্ষুদে গানরাজ তারকা তুবা। কৌতুক অভিনেতা কাজলও অংশ নেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয় সাংসদ হাসিবুর রহমানকে।
ধর্মমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি: এদিকে ধর্মমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ময়মনসিংহ সদর আসনের সাবেক সাংসদ মতিউর রহমান আজ রোববার তাঁর নির্বাচনী এলাকায় আসছেন। তাঁকেও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির নির্বাচনে শেষ মুহূর্তে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন মতিউর রহমান। এটাই তাঁর জন্য ‘শাপে বর’ হয়েছে। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবেই মন্ত্রিত্ব পেয়েছেন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ধ্যায় টাউন হল ময়দানে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। এর আগে ত্রিশাল ও ভালুকায়ও তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে চলছে তোরণ নির্মাণের কাজ। চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড, ধোপাখলা, নতুন বাজার, টাউন মোড়সহ বিভিন্ন সড়কে কমপক্ষে ৩০টি তোরণ দেখা গেছে। অন্যত্রও চলছে তোরণ নির্মাণ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, প্রবীণ রাজনীতিবিদ মতিউর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।