সাংসদকে লাঞ্ছিত করার ঘটনা জামায়াতের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে গত ৩১ জানুয়ারি সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হামলা ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করা হয়৷ লোহাগাড়ার চুনতিতে সিরাতুন্নবী (সা.) মাহফিলে তাঁকে লাঞ্ছিত করার সময় জামায়াতের কর্মীরা মসজিদও ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন সাংসদ নদভী৷
গতকাল রোববার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সাংসদ এ অভিযোগ করেন৷ হামলার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি সাতকানিয়া অভিমুখে লংমার্চের ডাক দেওয়ার পাশাপাশি প্রতি ইউনিয়নে প্রতিবাদ সভার কর্মসূচি দেওয়া হয়৷
সেদিনের হামলার ঘটনার বর্ণনা দিয়ে আবু রেজা জানান, মঞ্চে ওঠার পরপরই সামনের দিক থেকে কিছু যুবক তাঁর দিকে জুতা ও পাথর নিক্ষেপ করতে থাকেন৷ আবু রেজা বলেন, ‘জামায়াতের ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে৷ যারা আল্লাহর ঘর ভাঙচুর করে, মাহফিলে হামলা করে, তাদের কাছে ইসলাম নিরাপদ নয়৷ এরা ধর্ম ব্যবসায়ী৷’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান৷ এ সময় চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন৷