আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো আউটা ক্যাম্পাস বৈধ নয়। কিন্তু দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ঝালকাঠিতে অবৈধ শাখা খুলে উচ্চশিক্ষার নামে সনদ বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। ওই শাখার পক্ষ থেকে আজ শুক্রবার ঝালকাঠি সদর আসনের সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে সংবর্ধনা দেওয়া হবে। অবৈধ ক্যাম্পাস রক্ষার কৌশল হিসেবেই এটা করা হচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী ধারণা করছে। আজ বেলা ১১টায় শহরের ১৬৩, স্টেশন রোডের একটি ভাড়া করা তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শাখা কর্তৃপক্ষ জানিয়েছে, আমির হোসেন আমু ক্যাম্পাস পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। মুঠোফোনে আমির হোসেন আমুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান। হঠাৎ কেন সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে ঝালকাঠি শাখা ক্যাম্পাসের সমন্বয়কারী আবদুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় সাংসদকে আমাদের কার্যক্রম দেখানোর জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’ ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমাকে বিশেষ অতিথি করতে চেয়েছিল। আমি বলেছি, অবৈধ প্রতিষ্ঠানের আমন্ত্রণে আমি বিশেষ অতিথি হতে পারব না।’ ২০০৭ সালে জনৈক আবদুল মালেক ঝালকাঠিতে বিশ্ববিদ্যালয়ের শাখা খোলেন। ২০১০ সালে তাঁর মৃত্যুর পর লন্ডন-প্রবাসী ছেলে আবদুর রাজ্জাক (৩৫) ঝালকাঠি ক্যাম্পাসের সমন্বয়কারী হিসেবে কাজ শুরু করেন। এই শাখার অনিয়ম ও সনদ বিক্রি সম্পর্কে প্রথম আলোসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সম্প্রতি ঝালকাঠির কয়েকজন আইনজীবী বিশ্ববিদ্যালয়ের অবৈধ শাখা বন্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী মানিক লাল আচার্য প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রশাসনকে ভয় দেখানোর জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’ ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, জেলা প্রশাসন নির্দেশ দিলেই দারুল ইহসানের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হবে।