সাংসদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল!
নাটোর ও নলডাঙ্গায় আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থীরা নাটোর-১ (নাটোর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির প্রার্থীরা এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেও রিটার্নিং কর্মকর্তারা ঘটনাটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে না বলে দাবি করেছেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী শফির উদ্দিন মণ্ডল সাংসদ শফিকুল ইসলামকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কার্যালয়ে যান। কর্মী-সমর্থকদের নিয়ে তাঁরা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় সেখানে জেলার পিপি সিরাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ সাতজন উপস্থিত ছিলেন। এর আগে বেলা পৌনে তিনটার দিকে অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে সাংসদ ইউএনওর কার্যালয়ের সামনে যান। সেখানে তিনি প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করে কিছু ভুলত্রুটি লক্ষ করেন এবং তা সংশোধন করান। পরে সাতজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢোকেন।
বিকেল চারটার দিকে সাংসদ শফিকুল ইসলাম নাটোর পৌরসভার দলীয় মেয়র প্রার্থী উমা চৌধুরীসহ আট থেকে ১০ জন নেতা-কর্মীকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক) কার্যালয়ে যান। এ সময় রিটার্নিং কর্মকর্তা বাইরে থাকায় মনোনয়নপত্রটি কার্যালয়ের অন্য একজন কর্মকর্তা গ্রহণ করেন। পরে সাংসদ জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে নেতা-কর্মীদের সঙ্গে বের হয়ে আসেন।
নাটোর পৌরসভার বিএনপিদলীয় মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন ও নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী আব্বাছ আলী বলেন, এটা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এ ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চাইবেন।
তবে নলডাঙ্গার রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, সাংসদেরা প্রার্থীদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে আসতে পারবেন না—এমন কথা আচরণবিধির কোথাও উল্লেখ নেই। এটাকে প্রচারণার অংশ বলা যাবে না।
জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এখানে আইন অস্পষ্ট। কারণ, সাংসদদের থাকতে পারা না পারার কোনো বিষয়ই আচরণবিধিতে বলা হয়নি।