সাংসদ মইন উদ্দীন খান বাদলকে বাদ দিয়ে বোয়ালখালীতে যুদ্ধ করেছেন—এমন ব্যক্তিকে যাচাই-বাছাই কমিটির সভাপতি করার দাবি উঠেছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন চট্টগ্রামের বোয়ালখালীর মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুক্তিযুদ্ধের সময় বোয়ালখালীর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করা আবুল বশর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলায়মান, আবুল হোসেন, সুনীল চক্রবর্ত্তী, আবদুল লতিফ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে সাংসদ মইন উদ্দীন খান বাদলকে সভাপতি করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপত্তি জানানো হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের একটি সমন্বয় সভায় বোয়ালখালীর মুক্তিযোদ্ধারা আপত্তি জানান। ওই সভায় সাংসদ মইন উদ্দীন খান বাদল উপস্থিত ছিলেন। তিনি বোয়ালখালীতে যুদ্ধ করেননি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ জানুয়ারি থেকে বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। মইন উদ্দীন খান বাদলের সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হলে সেদিন উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। সেদিন প্রতিবাদের মুখে যাচাই কার্যক্রম শেষ করা যায়নি।
সংবাদ সম্মেলনের বিষয়ে সাংসদ মইন উদ্দীন খান বাদল প্রথম আলোকে বলেন, এটা তো আলোচনার বিষয়বস্তু নয়। তবুও বলতে হচ্ছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে, যেখানে মুক্তিযোদ্ধা সাংসদকে সভাপতি করতে বলা হয়। মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংসদ হিসেবে তিনি যাচাই-বাছাই কমিটির সভাপতি হয়েছেন।
সাংসদ বাদল বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি চট্টগ্রাম শহরে। আমার নির্বাচনী এলাকার বেশির ভাগ অংশ চট্টগ্রাম নগরের ভেতরে। বিখ্যাত মুক্তিযোদ্ধা মৌলভি সৈয়দ, মোহাম্মদ হারিছ ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের সঙ্গে যুদ্ধ করেছি। অপারেশন জ্যাকপটে আমরা সহযোগিতা দিয়েছি। তাহলে আমাকে নিয়ে বিতর্ক উঠবে কেন?’