সাংসদকে সোনার নৌকা উপহার
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আবতাফ উদ্দিন সরকারকে গত বুধবার সোনার নৌকা উপহার দেওয়া হয়েছে। ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে এ উপহার দেন।
এলাকার অনেকে জানান, ওই দিন সন্ধ্যায় ডোমারের নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ আবতাফকে ওই সোনার নৌকা দেওয়া হয়। ইউপি চেয়ারম্যানরা ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ ব্যাপারে ডোমার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘আসলে ১০ ভরি রুপা দিয়ে ওই নৌকা তৈরি করে তাতে সোনার প্রলেপ দেওয়া হয়েছে। আমরা ১০ ইউনিয়নের চেয়ারম্যান সমিঞ্চলিতভাবে এ উপহারটি দিয়েছি। এটা তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকার কম।’
সাংসদের কাছ থেকে বাড়তি সুবিধা আদায়ের জন্য এ উপহার দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায় বলেন, ‘অন্য কোনো উদ্দেশ্যে নয়। অনেক দিন পর স্থানীয় কোনো ব্যক্তি আমাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ আনন্দে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এ উপহার দেওয়া হয়েছে।’