সাংসদকে সোনার নৌকা দিলেন এনজিওর মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সদ্য নির্বাচিত সাংসদ রেজাউল হক চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে সোনার নৌকা উপহার দিয়েছেন একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক। দৌলতপুর উপজেলার সোনাইকুণ্ডী গ্রামের মীম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আইনুল ইসলাম এ উপহার দেন।
গত মঙ্গলবার বেলা তিনটার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আল্লারদর্গা এলাকার আওয়ামী লীগের প্রবীণ নেতা সামছদ্দীন আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাংসদ রেজাউল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, শিক্ষাবিষয়ক সম্পাদক সাদেকুজ্জামান খান, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঢাকা থেকে ভেড়ামারা লালন শাহ সেতুতে পৌঁছালে সাংসদকে নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রায় সংবর্ধনাস্থলে নিয়ে যান। সংবর্ধনায় প্রথমে সাংসদকে ফুলের মালা ও তোড়া দেওয়া হয়। এরপর প্রায় এক ভরি ওজনের সোনার নৌকা উপহার দেন মীম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আইনুল ইসলাম।
জানতে চাইলে আইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাবেক সাংসদের (আফাজ উদ্দীন) পক্ষে পাঁচ বছর কাজ করে তেমন কোনো উপকৃত হইনি। এবার রেজাউল হক চৌধুরীর পক্ষে কাজ করেছি। তিনি জয়লাভ করেছেন। আফাজকে পরাজিত করার আনন্দে সাংসদকে সোনার নৌকা উপহার দিয়েছি। এর ওজন এক ভরির কম।’ রেজাউল হক চৌধুরী বলেন, ‘অতীতে এ রকম উপহার দৌলতপুরের কোনো সাংসদ পায়নি। জনগণ আনন্দিত হয়ে উপহার দিয়েছে, আমি এতে গর্বিত, আনন্দে আত্মহারা।’