সাংসদকে স্বাগত জানাতে রোদে পুড়ল শিক্ষার্থীরা
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ আবদুর রহমান ওরফে বদি গত শনিবার উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেন। তাঁকে স্বাগত জানাতে বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীকে ওই দিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোদে দাঁড় করিয়ে রাখা হয়।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেকোনো ভিআইপি বা ভিভিআইপির শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো স্থানে আগমন উপলক্ষে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে স্বাগত ও অভিনন্দন জানানো বা অন্য কোনো কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের অতি উত্সাহী কর্তৃপক্ষ ও কিছু শিক্ষক ওই বিধি অমান্য করে সাংসদকে তুষ্ট করতে এই আয়োজন করেন বলে জানা গেছে। শুধু তাই নয়, ভবন উদ্বোধন শেষে সাংসদ ও তাঁর সফরসঙ্গীদের ভূরিভোজন করানো হয়। অথচ শিক্ষার্থীরা চার ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে অভুক্ত অবস্থায় বাড়ি ফিরে যায়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আলম জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কর্তৃপক্ষের নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি জাফর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সম্পর্কে হয়তো শিক্ষকদের তেমন ধারণা ছিল না। তাই তাঁরা ভুল করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও মুহম্মদ গোলামুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি স্কাউটদের একাডেমিক কার্যক্রমের একটি অংশ। এতে কোনো অসুবিধা আছে বলে মনে করি না।’ বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী কি স্কাউট করে—এমন প্রশ্নের জবাবে ইউএনও বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক অর্থে দেখার পরামর্শ দেন। এ প্রসঙ্গে জানতে সাংসদ আবদুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।