সাংসদকে স্বাগত জানাতে স্কুলশিক্ষার্থীরা রাস্তায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ মোরশেদ আলমকে অভিনন্দন জানাতে গতকাল সেনবাগ উপজেলার কানকিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। প্রথম আলো
নোয়াখালী-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ মোরশেদ আলমকে অভিনন্দন জানাতে গতকাল সেনবাগ উপজেলার কানকিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। প্রথম আলো

দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ-দলীয় সাংসদ মোরশেদ আলমকে গতকাল বুধবার সেনবাগ উপজেলা চত্বরে সংবর্ধনা জানানো হয়েছে। এর আগে পথে তাঁকে স্বাগত জানাতে উপজেলার কানকিরহাট বালিকা ও কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীকে প্রায় তিন ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অথচ, কোনো অতিথিকে অভ্যর্থনা জানাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় না করানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাংসদ মোরশেদ আলম তাঁর গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর থেকে সেনবাগ উপজেলা সদরে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যান।
পথে তাঁকে স্বাগত জানাতে সকাল নয়টা থেকে ওই শিক্ষার্থীরা বিদ্যালয়-সংলগ্ন রাস্তায় অপেক্ষা করে।
বেলা সাড়ে ১১টার দিকে কানকিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সারিতে দাঁড়ানো কয়েকজন ছাত্রী প্রথম আলোকে বলে, সকাল নয়টার দিকে তাদের রাস্তার দুই ধারে দাঁড় করিয়ে দেন শিক্ষকেরা।
বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইদ্রিছ মিয়া বলেন, সরকারি নির্দেশনা সম্পর্কে তাঁর জানা নেই। ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুরোধে শিক্ষার্থীদের কিছু সময়ের জন্য রাস্তায় দাঁড় করানো হয়। তবে এতে পাঠদানের কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মুঠোফোনে বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই নবনির্বাচিত সাংসদের দৃষ্টি আকর্ষণ করতে কিছু সময়ের জন্য ছাত্রীদের রাস্তায় দাঁড় করানো হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি তিনি জানতেন না। প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইবেন বলেও বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংসদ মোরশেদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু জাফর। এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম খায়রুল আনম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লা প্রমুখ।