সাংসদকে 'অবমূল্যায়ন' নিয়োগ পরীক্ষা বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সরকারদলীয় স্থানীয় সাংসদ ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন। ইউএনও ওই পত্র পেয়ে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
বগুড়া-৫ আসনের (ধুনট-শেরপুর) সাংসদ হাবিবর রহমান দাবি করেন, নিয়োগ কমিটি তাঁকে না জানিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। এখানে কমিটি তাঁকে অবমূল্যায়ন করেছে। এ কারণে ওই তালিকা বাতিল করতে ইউএনওকে তিনি ডিও লেটার দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২৯টি বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য গত বছরের ৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রতিটি বিদ্যালয়ে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। এসব কমিটি গত ২২ মার্চ নিয়োগ পরীক্ষা গ্রহণ করে ওই দিনই বিকেলে ২৯ জনের তালিকা চূড়ান্ত করে ইউএনওর কাছে দাখিল করে। এতে ক্ষুব্ধ সাংসদ এসব কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ১৭ জুন ডিও লেটার দিয়ে ইউএনওকে নিয়োগ পরীক্ষা বাতিল করার নির্দেশ দেন।
ডিও লেটার পেয়ে ২ সেপ্টেম্বর ইউএনও হাফিজুর রহমান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে নিয়োগ পরীক্ষা বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে নিয়োগ পরীক্ষার নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।
মাটিকোড়া প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে আদালতে মামলা থাকায় ওই বিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
ইউএনও বলেন, ‘দুর্নীতি হয়েছে কি না, তা আমার জানা নেই। কারণ, আমি ওই সময় এ উপজেলার দায়িত্বে ছিলাম না। স্থানীয় সাংসদ নিয়োগ কমিটির পরামর্শদাতা। তাই সাংসদের ডিও লেটার পাওয়ার পর নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।’