সাংসদকে 'সন্ত্রাসী' বলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাংসদ শরীফ আহমেদ ও তাঁর সমর্থকদের সন্ত্রাসী বলে মন্তব্য করার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সাংসদের সমর্থকেরা গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।
গত বুধবার ময়মনসিংহের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান খান সংবাদ সম্মেলন করে সাংসদ ও তাঁর সমর্থকদের সন্ত্রাসী বলে মন্তব্য করেন।
বেলা দুইটার দিকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মুমিনুন্নিসা এক্সেল টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এতে সংগঠনের আহ্বায়ক রাফিউর রহমান খান বলেন, ‘এর আগে বুধবার ব্যবসায়ী মোস্তাফিজুর সংবাদ সম্মেলন করে সাংসদ শরীফ আহমেদের মদদপুষ্ট সন্ত্রাসী হিসাবে আমাকে ও আমার ভাই শাওনকে আখ্যা দিয়েছেন, যা সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমরা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। পৈতৃক জমি-সংক্রান্ত বিরোধের কারণে তিনি সংবাদ সম্মেলনে সাংসদ ও আমাদের জড়িয়ে মনগড়া কথা বলেছেন। বেশ কয়েকটি সংবাদপত্রে আমাদের দুই ভাই ও সাংসদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রায় একই রকম সংবাদ প্রকাশিত হয়েছে।’
বুধবার ব্যবসায়ী ও হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনালের মালিক মোস্তাফিজুর অভিযোগ করেন, সাংসদ শরীফ আহমেদকে কয়েক মাস আগে হোটেলে কক্ষ বরাদ্দ দিতে না পারায় তাঁর লোকজন হোটেল কর্মচারীকে মারধর করেন। এ ছাড়া সাংসদ-সমর্থকদের প্রশ্রয়ে মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ফ্ল্যাটের মালিকানা নিয়েও অনিয়মের অভিযোগ করেন মোস্তাফিজুর। তিনি ওই টাওয়ারের পাঁচটি ফ্ল্যাটের মালিক।
তবে রাফিউর গতকালের সংবাদ সম্মেলনে মোস্তাফিজুরের এসব অভিযোগ অস্বীকার করেন।
জানতে চাইলে মোস্তাফিজুর গতকাল বলেন, ‘বুধবার সংবাদ সম্মেলনে আমি যা বলেছিলাম তা আমার জানামতে সত্য। এটাকে অন্য কেউ নিজের মতো ব্যাখ্যা দিতে পারেন, সে ক্ষেত্রে আমার কিছু বলার নেই।’