পৌরসভার নির্বাচনী প্রচারণায় সাংসদদের অংশ নেওয়া নিষিদ্ধ করে আনা বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রুল দেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিবসহ আট বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালার ২(১২) ও ২২-এর বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম নুর নবী। গতকাল আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
আদেশের পর এ কে এম নুর নবী সাংবাদিকদের বলেন, আচরণবিধির ২(১২) ও ২২ বিধি অনুসারে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাংসদেরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু সংবিধানের ৬৮ ও ১৫২ অনুচ্ছেদ অনুসারে সাংসদেরা সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নন। তাঁরা শুধু সম্মানী পান। আচরণবিধির ওই দুটি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রিটটি করা হয়।