সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন না করে বিধি প্রণয়নের ওপর তাগিদ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুজন আয়োজিত‘সংসদ সদস্য আচরণ আইনের অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সুজনের বক্তারা এই মত দেন।
আলোচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, বিশ্বের সব দেশে আচার-আচরণ বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন হিসেবে সংবিধানই যথেষ্ট। আইনের প্রয়োগের জন্য এখন একটি বিধি হলেই যথেষ্ট। শাস্তির এখতিয়ারও সংসদের ভেতরে থাকাই ভালো।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ১৯৭২ সালে দুই দফায় মোট ৩৫ জন সাংসদকে দুর্নীতির অভিযোগে গণপরিষদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময় সাংসদদের নৈতিকতার মানে অবনতি ঘটলেও কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চম ও বর্তমান সংসদের একাধিক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০০৯ সালে ১৮ জন সাংসদ মিথ্যা হলফনামা দিয়ে সরকারি প্লটের বরাদ্দ নিয়েছেন। প্রয়োজনীয় আচরণবিধির অভাব এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনীহার কারণে সাংসদদের অনেকেই নেতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন।
বদিউল আলম জানান, ২০১০ সালের ১৪ জানুয়ারি সাবের হোসেন চৌধুরী ‘সংসদ সদস্য আচরণ আইন ২০১০’ নামে একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেন। এতে সাংসদদের নৈতিক অবস্থান, স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক তথ্য, সরকারি সম্পদের ব্যবহার, আইন লঙ্ঘনের শাস্তি ইত্যাদি বিষয়ে মোট ১৫টি ধারা সন্নিবেশিত হয়েছে। তিনি বিলটি সংসদের আগামী অধিবেশনে পাসের সুপারিশ করেন। একই সঙ্গে শুল্কমুক্ত গাড়ি কেনা ও তাঁদের নামে আবাসিক প্লট বরাদ্দের নীতিমালার অবসান ঘটানোর দাবি জানান।
তবে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, আইন প্রণয়ন মানে প্রহসন। কারণ যাঁরা আইন করেন, তাঁরাই আইন মানেন না। সাংসদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন না করে বিধি প্রণয়ন করাই যথেষ্ট। কারণ প্রস্তাবিত আইনে শাস্তির বিধান নেই।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামী বলেন, নৈতিক অবক্ষয় সমাজের সব স্তরে হয়েছে। এজন্য একা সাংসদরা দায়ী নন। তবে সাংসদরা যেহেতু জনপ্রতিনিধি, সেজন্য তাঁদের আচরণ আইন বা বিধি দ্বারা নিয়ন্ত্রিত থাকা ভালো।
সরকার দলীয় সাংসদ শহীদুজ্জামান সরকার বলেন, সাংসদের আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত আইনই যথেষ্ট। তবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কিছু হলে সেটা গ্রহণ করা যেতে পারে। তিনি আরও বলেন, ‘যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য জনগণকে সচেতন করতে হবে। নইলে আমার মতো ঘেঁটুরা বারবার জিতে আসবে।’
সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, সংসদের গত অধিবেশনে যে ভাষা ব্যবহার হয়েছে, সেখানে স্পিকার তাঁর ক্ষমতা প্রয়োগ করেননি। করলে অশালীন ভাষার ব্যবহার কমতো।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।