সাংসদদের আচরণ নিয়ন্ত্রণে বিধিই যথেষ্ট: শামসুল হুদা
সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন না করে বিধি প্রণয়নের ওপর তাগিদ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, বিশ্বের সব দেশে আচার-আচরণ বিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন হিসেবে সংবিধানই যথেষ্ট। আইনের প্রয়োগের জন্য এখন একটি বিধি হলেই যথেষ্ট। শাস্তির এখতিয়ারও সংসদের ভেতরে থাকাই ভালো।
গতকাল শনিবার সকালে ‘সংসদ সদস্য আচরণ আইনের অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে শামসুল হুদা এ মত দেন। জাতীয় প্রেসক্লাবে এর আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তাতে বলা হয়, ১৯৭২ সালে দুই দফায় ৩৫ জন সাংসদকে দুর্নীতির অভিযোগে গণপরিষদ থেকে বহিষ্কার করা হয়। পঞ্চম ও বর্তমান সংসদের একাধিক সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০০৯ সালে ১৮ জন সাংসদ মিথ্যা হলফনামা দিয়ে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। মূল প্রবন্ধে বলা হয়, প্রয়োজনীয় আচরণবিধির অভাব এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনীহার কারণে সাংসদদের অনেকেই নেতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন।
বদিউল আলম মজুমদার বলেন, ২০১০ সালের ১৪ জানুয়ারি সাবের হোসেন চৌধুরী ‘সংসদ সদস্য আচরণ আইন ২০১০’ নামে একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেন। এতে সাংসদদের নৈতিক অবস্থান, স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক তথ্য, সরকারি সম্পদের ব্যবহার, আইন লঙ্ঘনের শাস্তি ইত্যাদি বিষয়ে মোট ১৫টি ধারা সন্নিবেশিত হয়েছে। তিনি বিলটি সংসদের আগামী অধিবেশনে পাসের সুপারিশ করেন। একই সঙ্গে সাংসদদের শুল্কমুক্ত গাড়ি কেনা ও তাঁদের নামে আবাসিক প্লট বরাদ্দের নীতিমালার অবসান ঘটনানোর দাবি জানান তিনি। তবে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, আইন প্রণয়ন মানে প্রহসন। কারণ, যাঁরা আইন করেন, তাঁরাই আইন মানেন না। সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আইন না করে বিধি প্রণয়ন করাই যথেষ্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি বলেন, নৈতিক অবক্ষয় সমাজের সর্বস্তরে হয়েছে। এ জন্য একা সাংসদেরা দায়ী নন। তবে সাংসদেরা যেহেতু জনপ্রতিনিধি, সে জন্য তাঁদের আচরণ আইন বা বিধি দ্বারা নিয়ন্ত্রিত থাকা ভালো।
সরকারদলীয় সাংসদ শহীদুজ্জামান সরকার বলেন, সাংসদদের আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত আইনই যথেষ্ট। তবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কিছু হলে সেটা গ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, ‘যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য জনগণকে সচেতন করতে হবে। নইলে আমার মতো ঘেঁটুরা বারবার জিতে আসবে।’
সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, সংসদের গত অধিবেশনে স্পিকার তাঁর ক্ষমতা প্রয়োগ করেননি। করলে অশালীন ভাষার ব্যবহার হ্রাস পেত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।