সাংসদদের আচরণবিধি নিয়ে উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে উত্থাপিত ‘সংসদ সদস্যদের আচরণবিধি, ২০১০’ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শুক্রবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।আওয়ামী লীগের দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী গত বৃহস্পতিবার বেসরকারি এই প্রস্তাব সংসদে উত্থাপন করেন। খবর ইউএনবির।সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবটি সংসদে অনুমোদন করা হলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি পূরণ হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক চর্চা বাড়ানো ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রস্তাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এতে আরও বলা হয়, ‘আমরা উত্সাহ বোধ করছি, কারণ, প্রস্তাবটিতে বেশ কিছু মানদণ্ডের উল্লেখ করা হয়েছে, যার ভিত্তিতে সব দলের সমন্বয়ে গঠিত একটি আচরণবিধি-বিষয়ক কমিটি সাংসদদের আচরণ পর্যবেক্ষণ করবে।’টিআইবি জানিয়েছে, তাদের নিজস্ব গবেষণাসহ সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণার ফল থেকে দেখা যাচ্ছে, এ ধরনের আচরণবিধির ব্যাপারে জনগণের মধ্যে বড় ধরনের প্রত্যাশা কাজ করছে। প্রস্তাবটিকে দ্রুত আইনে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।