সাংসদদের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল আবেদীন
জয়নুল আবেদীন

সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি, বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে জাতীয় সংসদে দেওয়া সাংসদদের বক্তব্যকে আপত্তিকর হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘দেশকে তাঁরা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? ভাবতে হবে, তাঁরা দেশের প্রকৃত বন্ধু, না দেশের শত্রু, না সংবিধানের শত্রু, না গণতন্ত্রের শত্রু? এটা সংবিধানর ওপর আঘাত। বিচার বিভাগ ধ্বংসের পাঁয়তারা।’

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত বিএনপিপন্থী আইনজীবী নেতারা।

গত রোববার বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী ও সাংসদেরা। কোনো কোনো সাংসদ মন্তব্য করেন, এই রায়ের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

রায় না পড়ে মন্তব্য করে অনেক সাংসদ তাঁর সদস্যপদে থাকার যোগ্যতা হারিয়েছেন মন্তব্য করে জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, ‘বলা হয়েছে, সংসদ যদি রায় গ্রহণ না করেন, তাহলে রায় কার্যকর হবে না। এমন বক্তব্য স্বৈরাচারের আভাস। রায় পরিবর্তনের জন্য তাঁরা বিচারকদের ভয়ভীতি ও চাপ দিচ্ছেন।’

সংসদে যিনি উপস্থিত থাকবেন না, তাঁকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা যাবে না—এমন কথা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘সরকারের একটি অঙ্গ যদি মানুষের মঙ্গল চায়, দেশের মঙ্গল চায়, সাংবিধানিক শাসনে বিশ্বাস করে, তাহলে এ ধরনের বক্তব্য উপস্থাপন করতে পারে কি না, তা দেশবাসী বিচার করুন। প্রধান বিচারপতি জনসমক্ষে, গণমাধ্যমের সামনে এমন বক্তব্যের প্রতিবাদ করতে পারেন না। তাই আইনজীবী সমিতির দায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য জনগণের মাঝে বক্তব্য উপস্থাপন করা।’

সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন। তিনি বলেন, ‘তাঁরা ভুলে গেছেন বাংলাদেশ চলে সংবিধান অনুযায়ী। সংসদও সংবিধান অনুযায়ী চলছে রাষ্ট্রের একটা অঙ্গ হিসেবে। সংসদ সদস্য, মন্ত্রীরা যদি সংবিধান পড়তেন, তাঁরা যদি রুলস অব বিজনেস পড়তেন, তাহলে বিচার বিভাগ সম্পর্কে মন্তব্যও করতেন না। যাঁরা সংসদে বসেন, তাঁদের অবশ্যই সংবিধান পড়তে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির নেতা খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সহসম্পাদক শামীমা সুলতানা, সদস্য হাসিবুর রহমান প্রমুখ।